দেশজুড়ে

কারও ভয়ে থামবো না : আইভী

কোনো অদৃশ্য শক্তির ভয়ে ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আমি জানি না আপনারা কেন ভয় পান। ভয় পেলে কোনো ভাল কাজ করতে পারবেন না। ভয় না পেয়ে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর অন্যায় অবিচার হলে আমার মুখ খুলবেই। সবার হয়ে আমি কথা বলবো। কারও ভয়ে থেমে থাকবো না আমি।রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে ১ কোটি ১০ লাখ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে শহরের আমলাপাড়া এলাকায় আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র আইভী। আইভী বলেন, আপনারা ভয় না পেয়ে আমার কাজের পাশে এসে দাঁড়ান এবং সহযোগিতা করেন। আমার সমালোচনা করেন। আমি কথা দিচ্ছি আমার কোনো কাজে আপনাদের যৌক্তিক সমালোচনা হলে আমি সেই কাজ করবো না।উন্নয়ন প্রসঙ্গে আইভী বলেন, বড় সব কাজ শেষ হয়ে গেছে। এখন যা বাকি আছে সব ছোট কাজ। গত ৯ জানুয়ারি তৃতীয়বারে মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বগ্রহণ করার পর মাত্র এক মাস হয়েছে। ইতোমধ্যে অনেক কাজের ট্রেন্ডার ডাকা হয়েছে।১৩ নং ওয়ার্ডের বাসিন্দা শাহবুদ্দিন খন্দকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাংলাদেশ লঞ্চ পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, মহিউদ্দিন আহমেদ, শাহবুদ্দিন আহমেদ, মো. ওমর আলী, আনোয়ার মাহমুদ বকুল, লিয়াকত হোসেন, কালিরবাজার বণিক সমিতির সভাপতি ফারুক মহসিন প্রমুখ।শাহাদাত হোসেন/এএম/আরআইপি