৭ বিভাগের মোট ১৪ উপজেলায় আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৩ উপজেলায় পুরো নির্বাচন ও ১১ উপজেলায় উপনির্বাচন হচ্ছে। এছাড়া ৪ পৌরসভাতেও উপনির্বাচন হচ্ছে।সোমবার সকাল ৮টা থেকে এসব উপজেলা ও পৌরসভার নির্দিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।পুরো নির্বাচন হচ্ছে সেই তিন উপজেলা হলো, সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর।উপনির্বাচনের ১১ উপজেলার মধ্যে রয়েছে, বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজনগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে চেয়ারম্যান পদে। এছাড়া নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ও পাবনার ঈশ্বরদীতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে।এদিকে ৪ পৌরসভায় উপনির্বাচন হচ্ছে। সেগুলো হচ্ছে, পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, টাঙ্গাইলের সখীপুরের ২নং সাধারণ ওয়ার্ড, রাজশাহীর আড়ানি পৌরসভার ১নং ওয়ার্ড ও শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে।কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সকাল থেকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটার উপস্থিতি খুবই কম।পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং গলাচিপা পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্র গুলোতেই ভোটারদের উপস্থিত কম।তবে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়তে শুরু করেছে।এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃংখলা বাহিনী।এছাড়া কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ঘন কুয়াশার কারণে ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম।এফএ/এমএস