আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে কোন কোন দেশের জাহাজ যেতে দিচ্ছে ইরান?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হতে পারে।

বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যায়। যুদ্ধের মধ্যে এটি বন্ধের হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

গত ২ মার্চ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি ‘বন্ধ’ করে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজ জোর করে পার হওয়ার চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আরও পড়ুন>>হরমুজ প্রণালি বন্ধ/ বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দামইরান যুদ্ধে ১৫০০ কোটি ডলারের আয় হারিয়েছে প্রতিবেশীরা, বেশি ক্ষতি সৌদিরচীনা মুদ্রায় তেল কিনলে হরমুজ প্রণালি ব্যবহার করতে দিতে পারে ইরানহরমুজ প্রণালি সচলে সাহায্য না করলে ন্যাটোর ‘ভবিষ্যৎ খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুমকি

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৫ মার্কিন ডলার। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১০৫ ডলারেরও বেশি হয়েছে।

যেসব দেশের জাহাজকে অনুমতি

পাকিস্তান

পাকিস্তানের পতাকাবাহী ‘করাচি’ নামের একটি আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ গত রোববার (১৫ মার্চ) প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ভারত

ভারতকেও ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি। তার মতে, কয়েকটি ভারতীয় জাহাজকে প্রণালি দিয়ে যেতে দেওয়া হয়েছে।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী দুটি ভারতীয় জাহাজ নিরাপদে প্রণালি পার হয়ে ভারতের দিকে রওয়ানা দিয়েছে।

তুরস্ক

তুরস্কের মালিকানাধীন একটি জাহাজও তেহরানের অনুমতি নিয়ে প্রণালি অতিক্রম করেছে। দেশটির পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু জানান, ইরানের একটি বন্দরে আগে নোঙর করা জাহাজটিকে বিশেষ অনুমতি দেওয়া হয়।

আলোচনায় আরও কয়েকটি দেশ

চীন

চীন বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা করছে, যাতে তাদের তেলবাহী ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজগুলো নিরাপদে প্রণালি পার হতে পারে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশ এই প্রণালি দিয়ে আসে।

ফ্রান্স ও ইতালি

ফ্রান্স এবং ইতালি তাদের জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

নৌ জোট গঠনের প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নৌ জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। এর জন্য চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিযেছেন তিনি।

তবে এখন পর্যন্ত এসব দেশের কেউই ওই উদ্যোগে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। জার্মানি এবং গ্রিস জানিয়ে দিয়েছে, তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।

মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক রজার শানাহান মনে করেন, যুক্তরাষ্ট্রের অনেক মিত্রই শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করেছিল। তাই তারা হরমুজ প্রণালিতে সামরিক নিরাপত্তা অভিযানে অংশ নিতে অনাগ্রহী।

সূত্র: আল-জাজিরাকেএএ/