দেশজুড়ে

রূপগঞ্জে অপহৃত পোশাক শ্রমিক উদ্ধার, আটক ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তরিকুল ইসলাম (২২) নামে অপহৃত এক পোশাক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এসময় চার অপহরণকারীকেও আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে অপহরণকারীদের আটক করা হয়।উদ্ধার হওয়া তরিকুল ইসলাম উপজেলার নোয়াপাড়া এলাকার কোরবান আলী শেখের ছেলে। এছাড়া তিনি স্থানীয় সজিব গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। আটকরা হলেন- তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রাসেল মিয়া, একই এলাকার মনু মিয়ার ছেলে ইয়াছিন, লালু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, নূর মোহাম্মদের ছেলে কোরবান আলী। রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমানুল জানান, গত বৃহস্পতিবার রাতে গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে যাত্রামুড়া এলাকা থেকে তরিকুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।পরে অপহরণকারীরা তরিকুলের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তরিকুল ইসলামকে হত্যা করবে বলে হুমকি-ধামকি দেয়। অপহরণকারীরা মুক্তিপনের টাকা নিয়ে রূপসী শীতলক্ষা নদীর তীরে যেতে বলে। তরিকুলের ইসলামের পরিবার অপহরণকারীদের দাবিকৃত টাকা নিয়ে রূপসী নৌকা ঘাটে পৌঁছালে অপহরণকারীরা তার পরিবারকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা অপরহণকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে এবং তরিকুল ইসলামকে উদ্ধার করে। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। মীর আব্দুল আলীম/আরএআর/এমএস