দেশজুড়ে

সাক্কুর প্রচারণা থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি মনির চৌধুরী

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী।

শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর নোয়াগ্রামের বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, বিএনপির প্রার্থী মেয়র মনিরুল হক সাক্কু আজ পর্যন্ত নির্বাচনের বিষয়ে আমার সঙ্গে কোনো কথা বলেননি, আমি সাক্কুর প্রচারণায় মাঠে নামলে তার ভোট কমবে বলেও তার কিছু নেতা মাঠে অপপ্রচার চালাচ্ছে, তাই আমি সাক্কুর বিজয়ের স্বার্থে প্রচার ও গণসংযোগ থেকে সরে দাঁড়ালাম।

এদিকে শুক্রবার সাক্কুর নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মনির চৌধুরী সাক্কুর পাশে থাকলেও হঠাৎ করে শনিবার বিকেলে বিএনপির এ কেন্দ্রীয় নেতা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সচেতন মহলের অভিমত।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে মেয়র প্রার্থী সাক্কুর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি