দেশজুড়ে

জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নাজমুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার নয়নাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুই গ্রামের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের জসিম ও বাহেরচর গ্রামের জাকিরের মধ্যে জুয়া খেলাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে তারা উভয়ে তাদের লোকদের খবর দেয়। পরে উভয় গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে ধারাল দা, ছুরি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নয়নাবাদ বিলে অবস্থান নেয়।

এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে নয়নাবাদ গ্রামের লোকজন প্রতিপক্ষের হামলার শিকার হয়ে পিছু হটলে বাহেরচরের লোকজন তাদের গ্রামে ঢুকে পড়ে। এ সময় প্রতিপক্ষের ১৫টি বাড়ি ভাঙচুর ও ঘরের আসবাবপত্র লুট করে নেয়।

সংঘর্ষে নয়নাবাদের নাছির, ইকবাল, আছিয়া, নাজমুল, ডালিম এবং বাহেরচরের আলামিন, মোক্তারসহ অন্তত ১৬ জন আহত হন।

এদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় নাজমুল ও ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার অভিযোগ দেয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি