দেশজুড়ে

সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক রাতে চার বাড়িতে গণডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের বাধা দিতে গেলে এক পল্লীচিকিৎসককে কুপিয়ে ও তার স্ত্রী এবং কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারদী ইউনিয়নে চার গ্রামে গণডাকাতির ঘটনা সংঘটিত হলেও শনিবার দুপুরে তা নিশ্চিত করেছে পুলিশ। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের রিবর, মছলেন্দপুর, মিস্ত্রিপাড়া ও দৌলরদী গ্রামের চারটি বাড়িতে শুক্রবার গভীর রাতে ডাকাতদল হানা দেয়।

এ সময় ডাকাতরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রথমে দৌলরদী গ্রামের ইউনিয়ন জাতীয়পার্টির নেতা ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলামের বাড়িতে হানা দেয়।

গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। পরে ঘরের আলমারিতে থাকা নগদ ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৯০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

একই ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মশিউর রহমানের বাড়িতে হানা দিয়ে মশিউর রহমানকে কুপিয়ে তার স্ত্রী ও দোকানের কর্মচারী রহুল আমিনকে পিটিয়ে মারাত্মক আহত করে ডাকাতরা।

এ সময় তাদের বাড়ি হতে দুই ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন নিয়ে যায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, একই উপজেলার রিবর গ্রামে সানাল্লাহ মিয়ার বাড়ির গেইট ভেঙে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বণালংকার, দুটি মোবাইল সেট নিয়ে যায়।

একইসময় মছলেন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ঘরে ঢুকে নগদ ১ লাখ ২০ টাকা, ১২ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

এছাড়া একই এলাকার রফিকুল ইসলামের ছোট ভাই বাবুলের ঘরের দরজা ভেঙে নগদ ২০ হাজার টাকা ও দুটি স্বর্ণের চেইন নিয়ে যায়।

পরে রফিকুল ইসলাম ও বাবুলের ডাক চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসতে থাকলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় শনিবার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশ ডাকাতি সংঘটিত বাড়ি পরিদর্শন করেছেন।

এদিকে, সোনারগাঁ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবুল কালাম আজাদ একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির মালামাল জহিরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে। ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুজন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর