দেশজুড়ে

মহেশখালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বোট ডুবে নিখোঁজ হওয়ার স্থানেই মরদেহটি ভেসে ওঠে।

জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে সাগরের প্রবল ঢেউয়ের কবলে পড়ে গত সোমবার কক্সবাজার থেকে মহেশখালীগামী একটি স্পিডবোট ডুবে যায়। এসময় ১১ যাত্রীর মধ্যে ১০ জনকে উদ্ধার সম্ভব হলেও বড়মহেশখালী ইউনিয়নের মদন খাতুন (৫৫) নামে এক নারী নিখোঁজ ছিলেন।

দু’দিন পর বুধবার মরদেহটি ভেসে উঠলে মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে যাতায়াতকারী বোটের লোকজনের চোখে পড়ে। খবর পেয়ে আত্মীয়-স্বজন গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ সহযোগিতা করেছে। মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর