গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গাজীপুরের শ্রীপুরের আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে পুলিশ আটক করার খবরে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ শ্রীপুর আওয়ামী লীগ নেতা মো. মাহতাব উদ্দিনকে আটক করে নিয়ে গেছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা দিকে থেকে এলাকাবাসী লাঠি-সোটা হাতে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। সেখানে তারা বিক্ষোভ, টায়ারে অগ্নিসংযোগ ও অবরোধ সৃষ্টি করে।
সকাল পৌনে ৭টার দিকে তারা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীপুর থানা পুলিশ ও মাওনা মহাসড়ক থানার পুলিশ সকাল পৌনে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই মহাসড়ক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জনান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলা গেয়েন্দা পুলিশ পরিচয়ে চারটি গাড়ি নিয়ে নিজ বাসা থেকে মাহতাব উদ্দিনকে তুলে নিয়ে গেছে। এসময় তারা কোনো গ্রেফতারি পরোয়ানা দেখায়নি। তাকে মুক্তি দেয়া না পর্যন্ত বিক্ষোভ-অবরোধ চলবে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জানান, শ্রীপুর উপজেলা নির্বাচনে মাহতাব উদ্দিন তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। জেলা আওয়ামী লীগের অনুমোদনের অপেক্ষায় থাকা পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদে তার নাম রয়েছে।
এদিকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, মাহতাব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তাকে রাতে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি