দেশজুড়ে

রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ইইউ`র প্রতিনিধি দল

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১২টার দিকে ইউরোপীয় ইউনিয়নের এফভিও মিশনের একটি প্রতিনিধি দল উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে স্থাপিত দেশের সর্ববৃহৎ একশো ফুুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনে আসেন। ইউরোপীয় ইউনিয়নের ডাইরেক্টরেট জেনারেল ফর হেলথ এন্ড ফুড সেফটির ফুড এন্ড ভেটেনারি অফিসের অডিটর এলিজাবেথা ব্রুলিন্সকা ওসট্রোস্কা এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছলে তাদের স্বাগত জানান কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের এফভিও মিশন এর কর্মকর্তা জুডিথ মানহার্ডথ, আশা বার্গকুইস্ট। এসময় তারা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১শ ফুুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ঘুরে ঘুরে দেখেন। এরপর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও সেখানে স্থাপিত ১শ ফুুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ করুণাশ্রী থেরর সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। মতবিনিময় কালে প্রতিনিধি দলের প্রধান বলেন, রামুতে সর্ববৃহৎ বুদ্ধমূর্তি ও দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার দেখে আমরা অভিভূত। এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানে পরিদর্শনে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। পরে রামু কেন্দ্রিয় সীমা বিহার পরিদর্শন করেন এফভিও প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান, উপ-সচিব মো. মুহিবুজ্জামানসহ কর্মকর্তা নিত্য রঞ্জন, এ.কে.এম আমিনুল হক, সালেহ আহমদ, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এমজেড/পিআর