যশোর প্রেসক্লাবে নতুন সদস্যপদ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে।
মঙ্গলবার দুপুরে ক্লাব সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের কাছে জেইউজে নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহসভাপতি ও প্রেসক্লাব সহসভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, সদস্য মিরাজুল কবীর টিটো, বিএফইউজে সদস্য মনিরুজ্জামান মুনির ও প্রণব দাস, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সাকিরুল কবীর রিটন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবদুল কাদের, গ্রামের কাগজ ডেপুটি ইউনিট চিফ নূর ইমাম বাবুল প্রমুখ।
স্মারকলিপি প্রদানকালে জেইউজে নেতৃবৃন্দ বলেন, যশোর সাংবাদিক ইউনিয়নের অনেক পেশাদার সাংবাদিক প্রেসক্লাব যশোরের সদস্য নয়। অথচ ইউনিয়নের এসব সদস্য দীর্ঘদিন ধরে সুনামের সাথে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে কাজ করে যাচ্ছেন। অথচ প্রায় ১০ বছর ধরে যশোর প্রেসক্লাবে কোনো সদস্যপদ প্রদান করা হয় না।
নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকরা সদস্যপদ পেলে প্রেসক্লাব যশোরের সুনাম ও কার্যক্রমের গতি বহুগুণে বেড়ে যাবে। পাশাপাশি যশোরের একমাত্র ও ঐতিহ্যবাহী প্রেসক্লাবটি আরও সুসংগঠিত হবে।
স্মারকলিপি গ্রহণ করে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান বলেন, প্রেসক্লাবে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে নতুন সদস্যপদ প্রদান করা হবে।
মিলন রহমান/এএম/এমএস