নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা ও তার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে সোমবার সকাল ১০টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের ছোট ভাই হাজী আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম শফিক, নিহত তাজুল ইসলামের পিতা আবুল খায়ের, আলী হোসেন ভূইয়া প্রমুখ।বিক্ষোভ মিছিলটি মৌচাক থেকে সানারপাড় প্রদক্ষিণ শেষে আবারও মৌচাকে এসে শেষ হয়।হাজী আব্দুস সালাম নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির দাবি জানান। তিনি আরও বলেন, টাকার বিনিময়ে যেখানে ৭ জনকে খুন করতে পারে সেখানে ৫ জনকে অভিযোগপত্র (চার্জশীট) থেকে বাদও দিতে পারে। তাই তালিকাভূক্ত ৫ আসামিকে অভিযোগপত্রে (চার্জশীট) অন্তর্ভূক্ত করে পুনরায় অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করার আহ্বান জানান তিনি। এসএস/পিআর