চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে দুই গোল পিছিয়ে থেকেও মোনাকোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বদলি হিসেবে মাঠে নেমে দুই গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক হয়েছেন ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড ডেজিরে দুয়ে।
স্টেডে লুই দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুটা ছিল পিএসজির জন্য দুঃস্বপ্নের মতো। খেলার মাত্র এক মিনিটেই গোল করে মোনাকোকে এগিয়ে দেন ফোলারিন বালোগুন। বাম দিক দিয়ে আলেকজান্ডার গোলভিনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান তিনি।
পিএসজি ম্যাচে ফেরার চেষ্টা করলেও ১৯তম মিনিটে আবারও আঘাত হানে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ম্যাগনেস আকলিউশের পাসে মারকিনিয়োসকে হারিয়ে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন বালোগুন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মোনাকো।
এরপর পিএসজির সামনে বড় সুযোগ আসে পেনাল্টি থেকে। খভিচা খাভারাতস্কেলিয়াকে ফাউল করলে স্পটকিক পায় সফরকারীরা; কিন্তু ভিতিনহার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মোনাকোর গোলরক্ষক ফিলিপ কোহন। এর কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন ওসমান ডেম্বেলে, যা তখন পিএসজির জন্য আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
তবে ডেম্বেলের বদলি হয়ে নামা ডেজিরে দুয়ে বদলে দেন ম্যাচের চিত্র। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করে ব্যবধান কমান তিনি। ভিএআর যাচাইয়ের পর গোলটি নিশ্চিত হলে ম্যাচে ফেরার আশা জাগে পিএসজির।
৪১তম মিনিটে সমতায় ফেরে লুইস এনরিকের দল। দুয়ের জোরালো শট কোহন ঠেকালেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, আর সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন আশরাফ হাকিমি। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮তম মিনিটে) মোনাকোর পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ভিতিনহার ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে আলেকজান্ডার গোলভিন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
একজন কম নিয়ে রক্ষণ সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে মোনাকো। তবে পিএসজির আক্রমণের চাপ বাড়তেই থাকে। ম্যাচের ৬৭তম মিনিটে দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। খাভারাতস্কেলিয়া, হাকিমি ও ওয়ারেন জায়ের-এমেরির দারুণ সমন্বয়ে তৈরি হওয়া সুযোগ থেকে নিখুঁত ফিনিশিংয়ে জয়ের গোলটি নিশ্চিত করেন তিনি।
দুই গোল পিছিয়ে থেকেও দুয়ের অনবদ্য পারফরম্যান্সে ম্যাচ ঘুরিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় পিএসজি। এই ফলের পর পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের আগে স্পষ্ট ফেভারিট হিসেবে থাকছে লুইস এনরিকের দল।
আইএইচএস/