গাজীপুরের টঙ্গী ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে টঙ্গী- ঘোড়ারশাল সড়কের শহীদ আহসান উল্যাহ মাস্টার উড়াল সেতুতে এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা (৪৫) টঙ্গীর আমতলী এলাকার আতাউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম বেলাল হোসেন।
টঙ্গী থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, টঙ্গীর স্টেশনরোড এলাকা থেকে হোসনে আরা একটি অটোরিকশাযোগে আমতলীর দিকে যাচ্ছিলেন। পথে উড়াল সেতুর উপর পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি আটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলায় সোমবার দুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন এবং আহত হন কমপক্ষে ৪ জন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দুপুরে উত্তরবঙ্গগামী আরবি ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল/টগর/এফএ/পিআর