দেশজুড়ে

যশোরে বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) ও কিশোর আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের প্রত্যাহার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

বিচারক প্রত্যাহার না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, সালাহউদ্দিন স্বপন, মাহবুব আলম বাচ্চু, আবু মুরাদ, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল গফুর প্রমুখ।

সন্ধ্যায় জানতে চাইলে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর জানান, বিচারক মঞ্জুরুল ইমাম বিভিন্ন সময় আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অসদাচরণ করেন। এছাড়াও তিনি বিচারিক মনোভাব পোষণ করেন না। ফলে ওই বিচারককে প্রত্যাহার করতে সর্বসম্মত আল্টিমেটাম দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা ওই বিচারকের আদালতে যাবেন না।

মিলন রহমান/এআরএ/আরআইপি