তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বের ৭ম বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণ হচ্ছে। এটির নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালে। এটি নির্মাণ হয়ে গেলে দেশের সকল সরকারি তথ্য সংরক্ষণ করার পরও আমরা প্রাইভেট সেক্টরের তথ্য রাখতে পারব। আমাদের সবগুলো সেবার তথ্য আমাদের নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষণ করতে পারব।
সোমবার সন্ধ্যায় কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাজের যে অগ্রগতি তাতে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি আগামী ২০১৮-২০১৯ সালের মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রাণ সঞ্চার হবে। এটা স্থাপন কাজ শেষ হয়ে গেলে আশা করছি আগামী ১০ বছরে এক লাখেরও বেশি বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের এখানে কয়েকশ দেশি-বিদেশি কোম্পনি বিনিয়োগ করবে। ইতোমধ্যে এখানে অনেক কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে।
মতবিনিময় সভায় হাইটেক পার্ক কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এমদাদুল হক, বঙ্গবন্ধু হাইটেক সিটির প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম