দেশজুড়ে

নরসিংদীর ভজন হত্যায় দুই নারী গ্রেফতার

নরসিংদী মাদবদীর থানার আনন্দী এলাকার ভজন চন্দ্র দাস (২৩)  হত্যা মামলায় দুই নারীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে অপহরণের পর মুক্তিপণ চাওয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে শনিবার পুলিশ সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে শুক্রবার রূপগঞ্জ ভুলতা গাউছিয়ায় মেঘলা বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম নন্দলালপুর এলাকার সজলের স্ত্রী রুমা-১ ও একই এলাকার পাপ্পুর স্ত্রী রুমা-২।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, গত ১১ এপ্রিল আড়াইহাজার বান্টিবাজার এলাকা থেকে ভজন চন্দ্র দাসকে অপহরণ করে একটি চক্র। পরে তার পরিবারের কাছ থেকে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ নেন অপহরণকারী চক্র।

পরে ভজনের বাবা ফনি চন্দ্র দাস বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। মামলা তদন্তের জন্য ডিবি এসআই মফিজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।ডিবির উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএম বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর সেদিন এক যুবকের মরদেহ রূপগঞ্জ উপশহরের নদীর পাড়ে থেকে উদ্ধার করে রূপগঞ্জ পুলিশ।

পরে খোঁজ নিয়ে দেখা যায় সেই মরদেহটি ভজন চন্দ্র দাসের। আর মুক্তিপণ নেয়া মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রুমা ১ ও রুমা ২ নামে দুই নারীকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা হয় মুক্তিপণ চাওয়া মোবাইল ফোন। হত্যার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি