পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’র (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান, সহ-সভাপতি পদে জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ রিপন।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাদল, কমিশনার ছিলেন ইআরএফ এর সভাপতি ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। ৫৪টি ভোটের মধ্যে ৪৯টি ভোট পড়েছে।
ডিজেএফবি নব নির্বাচিত (২০২৬-২৭) সভাপতি আরিফুর রহমান পেয়েছেন ২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলা স্ট্রিমের প্রধান প্রতিবেদক মাসুম বিল্লাহ পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী মফিজুল সাদিক পেয়েছেন ৪০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খবরের কাগজের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মফিজুল সাদিক।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ঢাকা পোস্টের সাইদ রিপন, তিনি পেয়েছেন ২৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জাহিদুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক এম আর মাসফি, তিনি পেয়েছেন ২৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন ২৩ ভোট। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আরমান হেকিম, প্রচার ও গবেষণা সম্পাদক জহির রায়হান।
কার্যকরী সদস্য পদে ৩৭ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন জাগরণ চাকমা, ৩০ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য ফরহাদ হোসেন এবং ২৯ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। ডিজেএফবি সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব। সংগঠনের সহ-সভাপতি সাহানোয়ার সাইদ শাহীনসহ সংগঠনের সদস্যরা দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে অংশ নেন।
এমওএস/এমআরএম