নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কের ঘটনা ঘটেছে। এসময় কারখানার ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন আলেয়া বেগম, আয়েশা বেগম, সোহেল মিয়া, আরমান মিয়া, ওমর আলীসহ আরও ৫জন।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, সকাল ৯টার দিকে পোশাক কারখানার ৭ম তলার একটি ফ্লোরে আগুন লেগেছে বলে কয়েকজন শ্রমিক চিৎকার করে উঠেন। এসময় পুরো কারখানায় শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা তাড়াহুড়ো করে নেমে কারখানা ত্যাগ করেন। এসময় কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সেলিম মিয়া জানান, বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে একটি ফায়ার করে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোন প্রকার ক্ষয়ক্ষতি বা আগুনের ঘটনা ঘটেনি। শ্রমিকরা আবার কাজে যোগদান করেছেন।রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ধরনের সংবাদ পেয়ে পোশাক কারখানা এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।এসএস/আরআইপি