যশোরের বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের ইয়ানুর রহমান হত্যা মামলায় আসামি ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম একই গ্রামের মৃত ইউছুফ মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষে মামলাটি পরিচালনা করা আদালতের বিশেষ পিপি এসএম বদরুজ্জামান পলাশ।
আদালত সূত্র মতে, ২০০৬ সালের ১৫ মে সন্ধ্যার পর আসামি ইব্রাহিম ও তার ভাই ইয়াসিনসহ অপরিচিত আরও ২-৩ জনকে নিয়ে ইয়ানুর রহমানের বাড়িতে যান।
এ সময় তারা বিদেশ যাওয়ার জন্য ইয়ানুরের কাছে দেয়া পাসপোর্ট ও মেডিকেল করার টাকা ফেরত চান। তখন ইয়ানুর তাদের কাছে কয়েকদিন সময় চান। সময় চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইয়াসিনসহ কয়েকজনে ইয়ানুরকে জাপটে ধরে আর ইব্রাহিমের কোমরে থাকা ছোরা দিয়ে ইয়ানুরের পেটে আঘাত করে। আহত ইয়ানুরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের ভাই শাহিনুর রহমান বাদী হয়ে ইব্রাহিম, ইয়াছিনসহ অজ্ঞাতনামা আাসামি দিয়ে বেনাপোল বন্দর থানায় মামলা করেন। তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় ইব্রাহিমকে অভিযুক্ত এবং তার ভাই ইয়াসিনকে অব্যাহতি চেয়ে ওই বছরের ৯ অক্টোবর আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই হারুন-অর-রশীদ।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইব্রাহিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে বিচারক যাবজ্জীবন সশ্রম (আমৃত্যু) কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মিলন রহমান/এএম/এমএস