দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে তিন ক্যাটাগরি বয়সের টুর্নামেন্ট হয়ে আসছে ২০১৮ সাল থেকে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ মেয়েদের এই প্রতিযোগিতায় বাংলাদেশেরই জয়জয়কার। এ পর্যন্ত হওয়া ৬ আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার ষষ্ঠ শিরোপার হাতছানি।
শনিবার নেপালের পোখারায় ফাইনাল দিয়ে শেষ হবে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ এবারও ফাইনালে উঠেছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ঠিক দুই বছর আগে ঢাকায় অনূর্ধ্ব-১৯ আসরের ফাইনালে মুখোমুখি হয়ে শিরোপা ভাগাভাগি করেছিল বাংলাদেশ ও ভারত। এবার জিতবে কে?
২০১৮ সালে ভুটানের থিম্পুতে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার মেয়েদের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতের সাথে সাক্ষাৎ হয়নি এ আসরে। ২০২১ সালে ঢাকায় হওয়া আসর ছিল অনূর্ধ্ব-১৯। লিগ পর্ব ও ফাইনালে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
২০২২ সালে ভারতের জামসেদপুরে অনূর্ধ্ব-১৮ আসরের শিরোপা হারায় বাংলাদেশ। ডাবল লিগ ভিত্তিতে খেলা হয়েছিল। বাংলাদেশ প্রথম লেগে ভারতের কাছে ১-০ গোলে হেরে ফিরতি লেগে জিতেছিল ১-০ গোলে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
২০২৩ সালে প্রথমবার হয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। আয়োজক ছিল ঢাকা। বাংলাদেশ হয়েছিল চ্যাম্পিয়ন। ভারতের বিপক্ষে লিগ ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ আসরের আয়োজক ছিল ঢাকা। নাটকীয় টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। লিগ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনাল ১-১ গোলে সমতা ছিল। টাইব্রেকারের ফল ছিল ১১-১১। তারপর যৌথ চ্যাম্পিয়ন।
পোখারায় চলমান টুর্নামেন্টের লিগ পর্বে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার ফাইনালে আবার বাংলাদেশের সামনে ভারত। তিন ক্যাটাগোরির বয়স মিলিয়ে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে ৮ বার। বাংলাদেশ জিতেছে ৬ বার (একটি টাইব্রেকার জয়সহ)। একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ড্র একটি।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টের অতীত পরিসংখ্যান বাংলাদেশকে ফেবারিটই রাখছে। বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস লিগ পর্বে ভারতের বিপক্ষে জয়টি তাদের আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে দেখছেন।
আরআই/আইএন