নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাত্রী সেজে সোয়ান (২৬) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে। এ সময় ছিনতাইকারীরা সোহানকে হত্যার পর অটোরিকশা লুটে নিয়ে যায়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ খুনিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় লুটে নেয়া অটোরিকশাসহ একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।
সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাদিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর পর পুলিশের সিনিয়র অফিসারদের ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত সোহান বন্দর উপজেলার শাহী মসজিদ ঠাকুর বাড়ি কলোনী এলাকার আবদুর রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী আহাম্মদের ছেলে।
এদিকে, সোনারগাঁয়ে চালককে গলাকেটে হত্যা অটোরিকশা লুটে নিয়ে যাওয়ার পর একটি পিকআপভ্যানযোগে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা দাসেরগাঁ এলাকা হতে লুটে নেয়া অটোরিকশা জব্দ করে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেফতাররা হলেন, বন্দরের সালেহনগর এলাকার এবাদুল্লার ছেলে পায়েল (২৫), আমিন আবাসিক এলাকার মৃত মানিক মিয়ার ছেলে শাহীন (২৪) একরামপুর সিএসডি গেইট এলাকার আবদুল হাইয়ের ছেলে পারভেজ (২৬) ও বন্দরের গকুলদাসের বাগ এলাকার আমজাদ হোসেনের ছেলে ভ্যানচালক হান্নান (৩৫)।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, বন্দর থেকে ৫ জন যাত্রী সেজে ইজিবাইকটি সোনারগায়ে নিয়ে চালককে হত্যা করে।
হত্যাকাণ্ডে জড়িত পারভেজ, শাহিন, পায়েল ও পিকআপচালক হান্নানসহ চারজনকে বন্দর থানার পুলিশ আটক করে সোনারগাঁও থানার পাঠিয়েছে।
আটক তিনজনের স্বীকারোক্তি জবানবন্দিতে মেহেদি ও রিংকু নামের আরও দুইজন জড়িত রয়েছে বলে জানা যায়। পুলিশ মেহেদীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের বাবা আলী মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
শাহাদাত হোসেন/এএম/আরআইপি