নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ নিহত সাত জনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে আদালতপাড়ায় মানববন্ধন করে আইনজীবী সমিতি। মানববন্ধনে নিহতদের পরিবারের প্রতি সরকারের আর্থিক সহযোগিতা, মামলায় যাদের বাদ দেয়া হয়েছে তাদের অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করা, প্রধান আসামি নুর হোসেনকে দেশে এনে দ্রুত বিচার সম্পন্ন করা, নারায়ণগঞ্জে ট্রাইবুন্যাল তৈরি করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, সাবেক সাধরণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পল প্রমুখ।এমজেড/পিআর