জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের ২৪ জন প্রতিমন্ত্রীর সঙ্গে তিনিও শপথ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ সন্তান। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে ওই নির্বাচনের ভিত্তিতে মেয়র ঘোষণা করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেয়াদ শেষ হওয়ার যুক্তি দেখিয়ে তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকে।

সাম্প্রতিক নির্বাচনে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের গণসংযোগ ও পথসভা ছিল উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সমাধানের প্রতিশ্রুতি দেন।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৪ হাজার ৪৬৫ ভোট। ইশরাক হোসেন ২৩ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭৪৭ ভোট, আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে ১৪৭ ভোট, মো. আকতার হোসেন হারিকেন প্রতীকে ২৪৪ ভোট, মো. ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে ৩০১ ভোট এবং মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে ১৩৫ ভোট পান।

এমডিএএ/বিএ