দেশজুড়ে

গাজীপুরে জঙ্গি-সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু

গাজীপুর সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের পূর্বে শনিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গণে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, গাজীপুর রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান, রাসেল শেখ, গোলাম সবুর, সাখাওয়াৎ হোসেন, জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ।

শনিবার দুপুর তিনটা থেকে জেলা পুলিশ এক যোগে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে অভিযান শুরু করে।

পুলিশ সুপার আরও জানান, এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কী- পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ (সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ছয় জন অতিরিক্ত পুলিশ সুপার, তিনজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পাঁচ শতাধিক পুলিশ গাজীপুর সিটির ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে একযোগে অভিযান শুরু করা হয়।

এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০ জনকে আটক করেছিল।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম