নারায়ণগঞ্জে মাদক ও ইভটিজিংবিরোধী শপথগ্রহণ করেছে আদর্শ স্কুলের শিক্ষার্থীরা। এতে শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ।
শনিবার দুপুরে শহরের মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে জেলার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ করেন স্কুলটির শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন। সভায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
সভায় মো. আব্দুর রশিদ বলেন, একটি দুর্ঘটনার কারণে একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে। বর্তমানে সড়ক দুর্ঘটনা হচ্ছে সবচেয়ে মহাদুর্যোগ।
এই ভিডিওচিত্র দেখে আমরা যা শিখলাম তা অন্যদের জানাতে হবে। মাদকের প্রভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যার সবচেয়ে বড় উদাহরণ ঐশী।
মাদকের কারণে মানুষ তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়। তাই আমাদের চোখ কান বন্ধ রাখলে চলবে না মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে।
পাশাপাশি ইভটিজিংয়ের কারণে একজন শিক্ষার্থীর জীবন বিপন্ন হতে পারে। পাশাপাশি নিজেদের পরিবারেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি