নারায়ণগঞ্জের মাটিতে জঙ্গিদের কখনো ঠাঁই হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক।
তিনি বলেন, সারা দেশে জঙ্গিরা যেভাবে তৎপরতা দেখাচ্ছে তার চেয়ে বেশি সোচ্চার রয়েছে বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলার মাটিতে জঙ্গিরা তৎপর হয়ে কিছুই করতে পারবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় দেশ থেকে জঙ্গিদের শিকড় তুলে ফেলা হচ্ছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার আফাজনগর আবাসিক এলাকায় জঙ্গি দমনে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি বলেন, জঙ্গি দমনে নারায়ণগঞ্জের প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছেন। জঙ্গিবাদ হচ্ছে আপনার আমার সকলে শত্রু মনে করে সবাই তৎপর হতে হবে। শুধু পুলিশের ওপর সব কিছুই চাপিয়ে দেয়া ঠিক হবে না। দেশের নাগরিক হিসেবে জঙ্গি দমনে সকলে এগিয়ে আসতে হবে। জঙ্গি হিসেবে কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করতে হবে। জঙ্গিরা যাতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল), মাসুদ মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. শাহ নেওয়াজ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সোলায়মান, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি আসাদুজ্জামান প্রমুখ।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর