ডিমের ন্যায্য মূল্যের দাবিতে গাজীপুরের শ্রীপুরের মাওনা পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতি মানববন্ধন, সড়ক অবরোধ করেছে। এ সময় সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান তারা।
রোববার সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনায় গাজীপুরের প্রান্তিক খামারিরা এই আন্দোলনে অংশ নেন। এ সময় তাদের হাতে নানা স্লোগান সংযুক্ত ব্যানার ও বুকে প্ল্যাকার্ড ঝুলানো ছিল। এতে লিখা ছিল ‘পোল্ট্রি খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন।’
খামারিরা জানায়, ব্রয়লার ও লেয়ার বাচ্চার মূল্য যেখানে ৩০-৩২ টাকা হওয়ার কথা সেখানে প্রতিটি বাচ্চা বহুজাতিক কোম্পানির কাছ থেকে ১০০-১৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। কিন্তু খামারিরা ডিমের ন্যায্য মূল্য পাচ্ছে না।
এর ফলে বাচ্চা ও খাদ্যের মূল্য বেশি দিতে দিতে পুঁজি হারা হয়ে খামারিরা বেকার হয়ে যাচ্ছে। পোল্ট্রি শিল্পে নীতিমালা দাবি, বাচ্চা ও খাদ্যের দাম কমানো, বহুজাতিক কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, মানববন্ধন ও সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানায় খামারিরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে পোল্ট্রি খামারি ও নেতৃবৃন্দরা।
মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি