দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে দুই খুনের ঘটনায় দুই মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে উপজেলার কদমতলী পশ্চিমপাড়া এলাকায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে নুরু মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকালে নিহতের আরেক ছেলে ইসমাইল হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকায় মানসিক রোগী নুরু মিয়া তার মা রেজিয়া বেগমকে (৬৫) ঘরের ভেতর ধারালো বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

অপরদিকে একই দিন সকালে সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে পারিবারিক কলহের জের ধরে মিতু আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই রুবেল সরদার বাদী হয়ে ভগ্নিপতি মোশাররফ হোসেনকে আসামি করে মঙ্গলবার রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছেন। যদিও স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যার পর স্বামী মোশাররফ হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মোশাররফ হোসেন মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হোসেন চিশতী সিপলু/আরএআর/জেআইএম