দেশজুড়ে

যশোরের আমজাদ মোল্লার যুদ্ধাপরাধের মামলা ট্রাইব্যুনালে

যশোরের বাঘারপাড়া উপজেলার আমজাদ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করেছে।

মামলার তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জেয়াদ আল মালুম বলেন, যুদ্ধাপরাধের মামলার আসামি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত সেটি বিবেচ্য নয়। যে রাজনৈতিক দলের সঙ্গেই তার আঁতাত থাকুক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে। অতীতের যুদ্ধাপরাধের রায়গুলো সেই প্রমাণই দেয়। ফলে এ নিয়ে সংশয়ের অবকাশ নেই।

প্রবীণ আইনজীবী কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক যোগেশ দত্ত প্রমুখ।

মিলন রহমান/এএম/জেআইএম