দেশজুড়ে

দেশকে বাল্যবিবাহমুক্ত করতে কাজ করছে সরকার : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ নারী অধিকার বাস্তবায়নে এবং মাদক যুব সমাজ ধ্বংসের প্রধানতম অন্তরায়। তাই সরকার দেশকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাশ করেছে।

সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের মাধ্যমে বাল্যবিবাহে জড়িত ছেলে-মেয়ে, পিতা-মাতা, বিবাহ রেজিস্ট্রারদের শাস্তির বিধান রাখা হয়েছে এবং বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।

তিনি আরও বলেন, শুধু সরকারই নয়, মাদকের মূল উৎপাটনে দল-মত নির্বিশেষে সকলকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কারণ যুব সমাজের পাশাপাশি মাদকে শিশুরাও ঝুঁকে পড়ছে। আর এটা যে কোনো উন্নয়নশীল দেশের জন্য অশনি সংকেত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তারের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আবুবকর চৌধুরী, তাসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস-চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সদস্য মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামে বজ্রপাতে নিহত তিনটি পরিবারকে ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং স্বপ্ন প্যাকেজের আওতায় উপজেলার ৮৪ জন নারীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সেবার কার্ড বিতরণ করেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস