লাইফস্টাইল

আইল্যাশ এক্সটেনশনে‌ যে ভুলগুলো করবেন না

বর্তমান সময়ে চোখের পাপড়ি বা আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। বিশেষ করে যারা নিয়মিত আইল্যাশ লাগাতে পারেন না বা সময় বাঁচাতে চান, তাদের কাছে আইল্যাশ এক্সটেনশন বেশ সুবিধাজনক। সাধারণত একবার এক্সটেনশন করালে তা ছয় থেকে সাত সপ্তাহ পর্যন্ত টিকে থাকে। ঘন ও কালো আইল্যাশ চোখকে করে তোলে আরও আকর্ষণীয়।

তবে আইল্যাশ এক্সটেনশন করতে গিয়ে অনেকেই অজান্তে কিছু সাধারণ ভুল করে ফেলেন। এসব ভুলের কারণে চোখে সংক্রমণ, জ্বালা কিংবা প্রাকৃতিক পাপড়ি দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই আইল্যাশ এক্সটেনশন করার আগে ও পরে কিছু বিষয় জানা জরুরি।

১. আইলিডের ওপর সরাসরি আইল্যাশ লাগানো

আইল্যাশ এক্সটেনশন কখনোই চোখের পাতার ত্বকের ওপর সরাসরি লাগানো উচিত নয়। নিয়ম অনুযায়ী, এক্সটেনশন প্রাকৃতিক আইল্যাশের গোড়া থেকে প্রায় এক মিলিমিটার দূরে বসানো হয়। এতে চোখ নিরাপদ থাকে এবং প্রাকৃতিক পাপড়ির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় না।

যদি এক্সটেনশন খুব কাছাকাছি বা সরাসরি ত্বকের ওপর লাগানো হয়, তাহলে চোখে জ্বালা, লালভাব, চুলকানি এমনকি প্রদাহও হতে পারে।

২. একটি এক্সটেনশন একাধিক প্রাকৃতিক ল্যাশে লাগানো

আইল্যাশ এক্সটেনশন সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে হলে প্রতিটি ল্যাশ আলাদা করে লাগানো জরুরি। অতিরিক্ত আঠা ব্যবহার বা ল্যাশ আলাদা না করলে একাধিক প্রাকৃতিক পাপড়ি একসঙ্গে লেগে যায়। এতে আইলুক অগোছালো দেখায় এবং চোখে অস্বস্তি তৈরি হয়।

বিশেষজ্ঞরা ‘স্ট্র্যান্ড বাই স্ট্র্যান্ড’ পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন। অর্থাৎ, একটি প্রাকৃতিক আইল্যাশে মাত্র একটি এক্সটেনশন, এর বেশি নয়।

৩. অতিরিক্ত লম্বা বা ঘন ল্যাশ নির্বাচন

আইল্যাশ এক্সটেনশন করার আগে প্রাকৃতিক পাপড়ির অবস্থা ভালোভাবে যাচাই করা প্রয়োজন। সবার ল্যাশের ঘনত্ব ও শক্তি একরকম নয়।প্রাকৃতিক ল্যাশের তুলনায় খুব লম্বা বা ভারী এক্সটেনশন ব্যবহার করলে চোখে চাপ পড়ে, অস্বস্তি হয় এবং প্রাকৃতিক ল্যাশ দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে এতে পাপড়ি পড়েও যেতে পারে।

৪. আঠার রঙ বা ঘনত্ব বদলে গেলে ব্যবহার নয়

আইল্যাশ এক্সটেনশনের আঠা সঠিকভাবে সংরক্ষণ না করলে এর কার্যকারিতা নষ্ট হয়। আঠা সবসময় আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে।

যদি দেখা যায় আঠার রঙ বা ঘনত্ব আগের মতো নেই, তাহলে সেই আঠা ব্যবহার করা ঠিক নয়। এতে চোখে অ্যালার্জি, জ্বালা কিংবা ল্যাশ ঠিকমতো না বসার সমস্যা হতে পারে।

৫. এক্সটেনশনের পর যত্নে অবহেলা

আইল্যাশ এক্সটেনশনের পর সঠিক যত্ন না নিলে ল্যাশ দ্রুত খুলে যেতে পারে। তেলযুক্ত মেকআপ রিমুভার বা ক্লিনজিং প্রোডাক্ট ব্যবহার করলে আঠা দুর্বল হয়ে যায়।

এক্সটেনশন করার পর অন্তত ছয় ঘণ্টা চোখে পানি লাগানো উচিত নয়। প্রতিদিন সকালে ও রাতে আইল্যাশ স্পুলি দিয়ে আলতো করে ব্রাশ করা ভালো। গোসলের পর ল্যাশ কন্ডিশনার ব্যবহার করলে এক্সটেনশন দীর্ঘদিন ভালো থাকে।

সূত্র: গ্লোবাল ফ্যাশন

সানজানা রহমান যুথী/এএমপি/এএসএম