দেশজুড়ে

ফেন্সিডিল রেখে আটকের চেষ্টা, দুই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া

যশোরের চৌগাছায় দোকানের পাশে ফেন্সিডিল রেখে এক ব্যবসায়ীকে আটকের চেষ্টাকালে পুলিশের দুই এএসআইকে ধাওয়া করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার খড়িঞ্চা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিচার দাবি করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে যশোর ‘ক’ সার্কেলের এডিশনাল এসপি নাইমুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ভুক্তভোগী খড়িঞ্চা গ্রামের চায়ের দোকানদার আবদুর রহমান অভিযোগ করে বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরে তিনি দোকান বন্ধ করে তিন কিলোমিটার দূরের পুড়াপাড়া বাজারে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে দোকানের মালামাল নিয়ে ফিরে দেখতে পান চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশে খড়িঞ্চা বাজারে অবস্থিত তার চায়ের দোকানের পাশে একটি সাদা মাইক্রো দাঁড়িয়ে আছে। চৌগাছা থানার এএসআই সাজ্জাদ এবং এএসআই মাসুদ তার দোকানের পেছনে কিছু রাখছেন। এ সময় তিনি কে ওখানে, কী রাখছেন বলে চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে দুই পুলিশ কর্মকর্তা তাকে বলেন, এই ফেনসিডিল তুই দোকানের পেছনে রেখেছিস। তুই এই ফেনসিডিলের মালিক। এ কথা বলে তারা তাকে আটকের চেষ্টা করেন।

তিনি প্রতিবাদ করলে পাশ থেকে বাজারে থাকা লোকজন এগিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে বিক্ষোভ করতে থাকেন। এ সময় গ্রামের মেম্বার আবদুল মান্নান এসে দুই পুলিশ কর্মকর্তাকে ছাড়িয়ে নেন।

এ ঘটনার ওই দুই পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে স্থানীয় জনতা চৌগাছা-পুড়াপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মারুফ আহমেদ এবং সেকেন্ড অফিসার আকিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এরপর যশোরের এডিশনাল এসপি ‘ক’ সার্কেল নাইমুর রহমান গিয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আবদুর রহমানের সঙ্গে গ্রামের মেম্বার আবদুল মান্নানের বিরোধ ছিল। এজন্য তিনি দুই পুলিশ কর্মকর্তাকে দিয়ে চায়ের দোকানদারকে ফাঁসাতে চেয়েছিলেন।

এ বিষয়ে এডিশনাল এসপি ‘ক’ সার্কেল নাইমুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার তদন্ত করে পুলিশের কেউ যদি কোনো প্রকার অপকর্মের সঙ্গে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে।

উল্লেখ্য, এর আগে চৌগাছা বাজারের এক দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে আটকের চেষ্টা করার সময় সিসিটিভি ফুটেজ দেখে জনতার ধাওয়া খেয়ে চৌগাছা থানা পুলিশের তৎকালীন এএসআই সিরাজ ও এক কনস্টেবল পালিয়ে রক্ষা পান।

মিলন রহমান/আরএআর/এমএস