দেশজুড়ে

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফেরিওয়ালা নিহত

যশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইনামুল হোসেন কাজল (৩৫) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। রোববার দুপুরে যশোরের উপশহর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কাজল যশোরের উপশহর এ ব্লকে ভাড়া থাকতেন এবং ফেরি করে শাড়ি থ্রি-পিস  বিক্রি করতেন। তার বাবার নাম মৃত আশরাফ আলী।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, রোববার দুপুরে উপশহর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ফেরিওয়ালা ইনামুল হোসেন কাজলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাজলের মৃত্যু হয়েছে। কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে।

মিলন রহমান/আরএআর/আরআইপি