দেশজুড়ে

রিমান্ড শেষে জেলে পাঠানো হলো মেয়র মান্নানকে

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নানকে এক দিনের পুলিশি রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।গাজীপুর কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, একদিনের পুলিশি রিমান্ড শেষে সোমবার দুপুরে মেয়র অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা খান-এর আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবীগণ অধ্যাপক এমএ মান্নানের জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করে বক্তব্য তুলে ধরেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে মেয়র মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।জানা গেছে, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বুধবার আদালত অধ্যাপক এমএ মান্নানের এক দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য রোববার বিকেল তিনটার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জয়দেবপুর থানায় আনা হয়। জামিন শুনানি শেষে সোমবার বিকেল তিনটায় পুনরায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ নেয়া হয়েছে।মেয়রের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনায় এমএ ফরিদ নামে একজনের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার ওই চার্জশিটটি শুনানির জন্য দিন ধার্য্য রয়েছে।উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এমতাবস্থায় গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।আমিনুল ইসলাম/এমএএস/আরআই