দেশজুড়ে

আশ্রয়ন প্রকল্পবাসীদের কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে

সরকার ছিন্নমূল মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে। সারাদেশে আশ্রয়ন প্রকল্পবাসীদের কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে।

সমাজের অবহেলিত জনগোষ্ঠি কর্মবীরে পরিণত হবে। বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে কেওয়া চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে শতশত আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রাম গড়ার প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ পরিবারকে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে পুরাতন প্রকল্প গুলোকেও উন্নয়ন করা হবে। আশ্রয়নবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ সহায়তা দেয়া হবে। তারা ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। নিজেদেরকে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে।

এ সময় আশ্রয়ন প্রকল্পের বন্দোবস্ত গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. জলিল ও ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুল্লা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা। বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ পুরো আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্প বাসীদের সমস্যার কথা শুনেন।

এ সময় তিনি প্রকল্পবাসীদের সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তিনি গাছের চারা রোপণ করেন।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম