দেশজুড়ে

চৌগাছায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

যশোরের চৌগাছায় বালিভর্তি ট্রাকের চাপায় তন্মিমা খাতুন তন্বী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নিয়ামতপুর মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্বী উপজেলার পাতিবিলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও পাতিবিলা হাজী শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে তন্বী বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নিয়ামতপুর মাদরাসার কাছে পৌঁছালে বালিভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, দুর্ঘটনায় স্কুলছাত্রী তন্বী নিহত হওয়ার পর পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকচালক জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে।

মিলন রহমান/এফএ/জেআইএম