কুমিল্লার নাঙ্গলকোটে সাজেদা খাতুনকে (৩৮) নামের এক ব্র্যাকের কর্মীকে খুন করেছে তার স্বামী। পরে ঘাতক স্বামী ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার হরিপুর গ্রামের আহসান উল্লার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স্বামীকে আটক করতে পারেনি পুলিশ। নিহত সাজেদা খাতুন কুড়িগ্রামের রোমারি উপজেলার হরিন্দ্ররা গ্রামের শাহজাহানের স্ত্রী।পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহজাহান ও তাঁর স্ত্রী ব্র্যাক নাঙ্গলকোট শাখার পুষ্টি প্রকল্পের কর্মী সাজেদা খাতুন তাঁদের দুই সন্তানসহ চাকুরির সুবাদে প্রায় ১০ মাস যাবত হরিপুর গ্রামের আহসান উল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক স্বামী শাহজাহান।সন্ধ্যায় নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম জানান, সাজেদা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক শাহজাহানকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।কামাল উদ্দিন/এআরএ/আরআই