কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে ৫ মালয়েশিয়াগামী ভিকটিমকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদের আটক করা হয়।টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান , সাবরাং বিওপির টহল দল সাবরাং ওবিএম ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ মালয়েশিয়াগামী ভিকটিমকে আটক করেছে। আটকরা হলেন, সুনামগঞ্জের খেড়াউড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. মনসুর আলী (৩৫), একই জেলার পূর্ব পলিচর মো. সাবাজ আলীর ছেলে মো. আবদু কুদ্দুস (২৪), বাজারগাঁও এলাকার মো. আকলাকুল ইসলামের ছেলে মো. মাজহারুল ইসলাম (১৯), ঝিনাইদহের বারইহুদা এলাকার মো. নজরুল শাহ`র ছেলে মো. রতন শাহ (২৩) ও একই জেলার বারইহুদা এলাকার মো. আখিরুল খানের (লালু) ছেলে মো. শাহীন খান (২০)। আটকদের বরাত দিয়ে তিনি আরো জানান, কিছুদিন পূর্বে সাগরপথে দালাল চক্র তাদের টেকনাফ নিয়ে আসে। এরপর একটি ট্রলারে গত কয়েকদিন ধরে তাদের ভাসমান অবস্থায় রাখে। এদিকে ১৬ মে ভোর ৫টায় অপরিচিত কিছু লোক তাদরে সাবরাং ওবিএম ঘাট এলাকায় নামিয়ে দিয়ে যায়। বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে নিয়ে আসে। সাগরে কড়াকড়ির কারণে পাচারকারীরা হয়তো সুবিধা করতে না পেরে এদেরকে নামিয়ে দিয়েছে বলে ধারণা করছেন তিনি। আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি