নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকা ধার চেয়ে না পেয়ে চাচিকে হত্যা মামলায় ভাতিজা ফাহিম আহমেদ ছাব্বিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালত এ রায় দেন। রায়ের সময় ছাব্বির আদালতে ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছাব্বির (২০) ফতুল্লার হরিহরপাড়া এলাকার সামসুদ্দিন আহমেদের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লার হরিহরপাড়া এলাকার কবির উদ্দিনের স্ত্রী সাহেদা বেগমের কাছে ২০১৫ সালের ২৯ জানুয়ারি ৫ হাজার টাকা ধার চায় ভাতিজা ছাব্বির।
চাচি টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারাল ছুরি দিয়ে সাহেদা বেগমের পেটে আঘাত করে ছাব্বির পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সাহেদার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেন।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম