বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করেছে দলীয় নেতাকর্মীরা। এ সময় যুবদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতার মোহে বাকশালী সরকার পাগল হয়ে গেছে। তারা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে। পাহাড় ধসে সরকারি ব্যর্থতা ঢাকার জন্যই সরকারি মদদে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তাদের গাড়িবহরে হামলা করা হয়েছে।
তিনি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, সেই দিন বেশি দূরে নয়, যেদিন আপনিও বিরোধী দলে যাবেন। আমরাও আজ আপনাদের মতো ভাঙচুর করে প্রতিবাদ করতে পারতাম।
মহানগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ও কালো পতাকা মিছিলসহ অবস্থান কর্মসূচি পালনে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা ও সাগর প্রধান।
অপরদিকে আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফোরাম নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাকির হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নবী হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহীন, অ্যাডভোকেট মিসেস কামরুন্নাহার, অ্যাডভোকেট আহসান হাবীব শাহীন, অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু প্রমুখ।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর