দেশজুড়ে

সরাইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুট্টপাড়া মাঠে ক্রিকেট খেলা চলছিল। এই খেলা নিয়ে স্থানীয় বাঘবাড়ি এলাকার আবদুল হামিদ ও ডানহাটি এলাকার শামছুদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএইচএস/পিআর