নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত বেশ কিছু রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় রূপগঞ্জ থানা মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে রূপগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানান।
আটকরা হলেন- উপজেলার হোনাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সজিব হাসান, আওলাদ হোসেনের ছেলে পারভেজ মিয়া, মর্তুজাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে হাবিব ভুইয়া ও ভায়েলা ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রতন মিয়া।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত মঙ্গলবার মধ্যে রাতে একদল পুলিশ মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল করাকালে জানতে পারেন- হোনাব এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোনাব এলাকায় গিয়ে ডাকাতির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত হন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে ওই চার ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত ৫টি রামদা, ৩টি চাইনিজ কোড়াল, ১টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই ইমরুল হোসেন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
ওসি আরও জানান, এ ডাকাত চক্রটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, হোনাব, আউখাব, গোলাকান্দাইলসহ আশপাশের এলাকাগুলোতে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল।
মীর আব্দুল আলীম/আরএআর/জেআইএম