দেশজুড়ে

শ্যামল কান্তির ঘুষের মামলা বিচারিক আদালতে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি মামলা বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার ওই মামলায় শিক্ষক শ্যামল কান্তি ভক্ত আদালতে হাজিরা দিয়েছেন। আদালত মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করেছেন।

প্রসঙ্গত, ধর্ম অবমাননার কথিত অভিযোগে গত বছরের ১৩ মে শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানো হয়। এ ঘটনার দুই মাসের মাথায় ওই বছরের ১৪ জুলাই শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহনের মামলা হয়। স্কুলের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগম বাদী হয়ে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন।

গত ২৪ মে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেদিন শ্যামল কান্তি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। ৩১ মে ওই মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শুনানি শেষে তাকে ২০ জুলাই পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম