ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের কুয়েত প্লাজার সংলগ্ন এলাকায় পুলিশের টহল ভ্যানকে ধাক্কা দিয়েছে একটি লেগুনা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিমরাইলের কুয়েত প্লাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টহল ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের কুয়েত প্লাজা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লেগুনা ধাক্কা দেয়। এতে পুলিশের ভ্যানটি একটি বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ৫ পুলিশ সদস্য আহত হয়।
আহতরা হলেন- পুলিশের এসআই নাসির উদ্দিন (৩৫), কনস্টেবল আমিনুল ইসলাম (৫০), কনস্টেবল হাসমত (৫৫), কনস্টেবল আবুল কালাম (৪৫) ও পুলিশ ভ্যানচালক কনস্টেবল আলী হোসেন (৩৬)।
এছাড়া নাসির নামে লেগুনার এক যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, একটি লেগুনা পুলিশ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমাদের একজন এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয় হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লেগুনাটি আটক করেছে। তবে লেগুনার চালককে আটকের চেষ্টা চলছে।
হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি