যশোরের বেনাপোলের পাঁচভূলাট সীমান্তে আবু সাইদ (২২) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার মধ্যরাতে অগ্রভূলোট সীমান্তের বিপরীতে ভারতের বর্ণবাড়িয়া সীমান্তের ইছামতি নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ শার্শার রামপুর গ্রামের জমাত আলীর ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার রাতে আবু সাইদসহ কয়েকজন যুবক গরু আনতে ভারতে যায়। তারা গরু নিয়ে ভারতের বর্ণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের গতিরোধ করে। তারা বিএসএফের বাধা উপেক্ষা করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় সবাই পালিয়ে গেলেও আবু সাইদ গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় নদীর তীর থেকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে আনার সময় সে মারা যায়। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, পাঁচভূলাট সীমান্তে আবু সাইদ নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ঘটনাস্থল থেকে রোববার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের ঘটনায় ভারতের বর্ণবাড়িয়া বিএসএফ ও অগ্রভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার সকালে অগ্রভূলাট নদীর ধারে এক পতাকা বৈঠক করেছে। পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা ঘটনা অস্বীকার করেছেন। বাংলাদেশি গরু ব্যবসায়ীদের উপর গুলি না চালাতে বিজিবি বিএসএফকে অনুরোধ করেছেন বলে তিনি জানান। মো. জামাল হোসেন/এসএস/পিআর