নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা বিদেশের সাহায্যের আশায় তাকিয়ে থাকে তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়কের প্রয়োজন। আর দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে জঙ্গিদের মোকাবেলা সম্ভব হয়েছে। জঙ্গিদের নির্মূলে কাজ চলছে।
বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে বনায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেনে, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হতো না। বর্তমানে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে।
তিনি আরও বলেন, নদীগুলো দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রী পরিকল্পনা করছেন। ইতিমধ্যে ওয়াকওয়েতে সাধারণ মানুষ বৈকালিক ও প্রাতঃভ্রমণ করতে পারছে। নদী রক্ষা না করলে মানুষ বাঁচবে না। হাজারীবাগের ট্যানারিগুলো সরিয়ে নিতে শুরু করায় বুড়িগঙ্গার দূষণ অনেক কমেছে। আগে নদীতে মাছ ছিল না এখন কিছু কিছু মাছ পাওয়া যাচ্ছে। নদীর তীরে আমরা ইকোপার্ক করছি। এতে করে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা হয়েছে।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে শাজাহান খান বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে মানুষকে সত্য কথা বলুন। মিথ্যায় যদি চ্যাম্পিয়নশিপ দেয়া হতো তাহলে খালেদা জিয়া ও বিএনপি হতো বিশ্ব চ্যাম্পিয়ন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশও বক্তব্য দেন।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম