দেশজুড়ে

বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, নারী নেত্রী রওশন আরা বেনজীরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন। পরে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর হোসনে আরা আক্তার জুলি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস সালমা জাহান, আওয়ামী লীগ নেত্রী দিলরুবা ফয়জিয়া, সহযোগি অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর