দেশজুড়ে

বি.বাড়িয়ায় ছাত্রীকে যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও তার নগ্ন ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি পল্লব চৌধুরীকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পল্লব জেলার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের কামরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, ২০১৪ সালের ডিসেম্বরে নাসিরনগর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও তার নগ্ন ভিডিও চিত্র ধারণ করে পল্লব ও তার চার সহযোগী ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ২২ এপ্রিল নির্যাতনের শিকার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা দায়েরের পর থেকেই পল্লব ও তার সহযোগীরা পলাতক ছিলো।এ ঘটনায় সোমবার পল্লবের পরিবারের তিন সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদেরকে দিয়ে পল্লবকে ফোন করা হয়। ঢাকা থেকে নাসিরনগরে আসার সময় মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে তিশা পরিবহনের একটি বাস থেকে সাদাপোশাকধারী পুলিশ পল্লবকে গ্রেফতার করে।ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এই মামলায় অভিযুক্ত বাকি আসামিদের অচিরেই গ্রেফতার করা হবে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআই