যশোরে কাপড়ের রঙ, ক্ষতিকর ঘনচিনি আর ফ্লেবারে উৎপাদিত হচ্ছে বেকারির খাদ্যদ্রব্য। এসব উপকরণ ব্যবহারের অপরাধে বৃহস্পতিবার ওই বেকারিতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ক্ষতিকর কাপড়ের রঙ, ঘনচিনি, ফ্লেবার জব্দ করে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান শহরের থানা মোড়ের গুলিস্তান বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের থানার মোড়ের গুলিস্থান বেকারিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়াই অবৈধভাবে নোংরা পরিবেশে ক্ষতিকর কাপড়ের রঙ, ঘনচিনি ও বিভিন্ন ফ্লেবার এবং বিভিন্ন উপকরণ মিশিয়ে কেক, বিস্কুট, পাউরুটি তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।
যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন, পরিবেশ অধিদফতর, ভ্যাট, কারখানা পরিদর্শক ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই।
এ জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. টিপুকে মামলা দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিকর কাপড়ের রং, ঘনচিনি, ফ্লেবার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মিলন রহমান/এএম/জেআইএম